মাশরাফিকে নিয়ে খেলছে ঢাকা গ্ল্যাডিয়েটরস!

ঢাকা: শিহাব চৌধুরী অনুযোগের সুরেই বললেন, দলের ভেতরের কথা বাইরে যায় কী করে? অধিনায়ক হিসেবে কী মাশরাফির এটা করা ঠিক হয়েছে? মাশরাফির কাছে এর ব্যাখ্যাও চাওয়া হবে বলে জানান ঢাকা গ্ল্যাডিয়েটরসের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরী।

কিন্তু মাশরাফি বিন মুর্তজার সঙ্গে ঢাকা গ্ল্যাডিয়েটরস যে কাজ করেছে সেটাও তো গ্রহণযোগ্য না। টাকা দিয়ে দল কিনলেই কী যাতা করা যায়? মাশরাফি ঢাকা গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক। মাঠে আসা পর্যন্ত তাঁকে বলা হয়নি তিনি খেলছেন না। খেলার ঠিক আগে কোচ ইয়ান পন্ট এসে তাঁকে বলেন, তুমি খেলছো না।

ক্রিকেটে এমন ঘটনা খুব একটা হয় না। অধিনায়কের যথেষ্ট সম্মানই করা হয়। কিন্তু বিপিএলে ওসবের ধারধারে না। অধিনায়কের পদটাও ছেলে খেলা হয়ে গেছে। গ্ল্যাডিয়েটরসের এমন আচরণে সাকিব আল হাসানও বিরক্ত।  

মাশরাফির বাদ পড়া নিয়ে ঢাকা গ্ল্যাডিয়েটরস একটা ব্যাখ্যাও দিয়েছে। তাদের দাবি ফিজির প্রিয়ানাথ ভিকরামাসিংহের পরামর্শে কোচ পন্ট তাকে বিশ্রাম দিয়েছেন। মাশরাফি যাতে ইনজুরিতে না পারেন সেজন্যই এটা করা। 

তবে পরের ম্যাচে মাশরাফি খেলবেন বলেও বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা গ্ল্যাডিয়েটরস।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৩
এসএ