মন খারাপ মুশফিকের

ঢাকা: মুশফিকুর রহিমের মুখে সেই হাসি নেই। তাদের শেষ হাসি কেড়ে নিয়েছে চিটাগং কিংস। রেস-টু-ফাইনালে ঢাকা গ্ল্যাডিয়েটরসের কাছে হারের পর যে আশাটুকু ছিল সেটাও জলাঞ্জলি গেল সোমবার। এরপরও কী করে মন ভালো রাখেন সিলেট অধিনায়ক।

প্রথম বিপিএলে ছয় দলের মধ্যে ষষ্ঠ হয়েছিল সিলেট। এবার সেই সিলেটই মোটামুটি মানের দল নিয়ে সেমিফাইনাল পর্যন্ত খেলেছে। লিগ পর্বের নয় ম্যাচ জিতে পয়েন্ট তালিকার দ্বিতীয় সেরা হয়ে রেস-টু-ফাইনালে খেলেছে সিলেট। কিন্তু শেষমুহূর্তের ভুলে তাদের ফাইনাল খেলা হলো না। এনিয়ে মুশফিকের কণ্ঠে ছিল আক্ষেপ,‘আমাদের বোলার কম ছিল। যারা খেলেছে তাদের অভিজ্ঞতায় ঘাটতি থাকায় হয়নি। বাধ্য হয়েই তাদেরকে বোলিংয়ে আনতে হয়েছে।’

সিলেট আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে করে ১৪৯ রান। পাঁচ বল বাকি থাকতেই ওই রান মোকাবেলা করে ফাইনলে যাওয়া নিশ্চিত করে চিটাগং কিংস।

১৮ বলে ২৮ রান করতে হতো কিংসকে। চিগুম্বুরার এক ওভারেই ২১ রান তুলে ফেলে দলটি। এরপর জয়ের জন্য বাকি সাত রান তুলতে খুব একটা কষ্ট হয়নি। কিংসের অধিনায়ক মাহমুদউল্লাহ এতে উল্লসিত,‘দল এখন ফাইনালে, ভালো লাগছে। কালকেও আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে খেলবো।’

ঢাকা তারকা ক্রিকেটারে ঠাসা থাকলেও দলটিকে নিরঙ্কুশ ফেভারিট মানছেন না মাহমুদউল্লাহ,‘টি-টোয়েন্টি ক্রিকেটে কেউ ফেভারিট না। দেখেন সিলেট পুরো টুর্নামেন্টে ধারাবাহিক খেলেও আজ হেরে গেছে। ইনশাল্লাহ আমি আশাবাদী ফাইনালের ব্যাপারে।’

লিগের ছয়টি ম্যাচ জিতে এলিমিনেটর ম্যাচ খেলার সুযোগ পায় কিংস। শনিবার দুরন্ত রাজশাহীকে হারিয়ে সেমিফাইনল খেলা নিশ্চিত করে তারা।

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
এসএ