সাকিবের ছুটি মঞ্জুর, জিম্বাবুয়ে যাচ্ছেন না!
ঢাকা: সাকিব আল হাসান জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না। তাকে ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্লান্তি কাটিয়ে উঠতে ছুটি দেওয়া।
আইপিএল থেকে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর বিসিবি সভাপতির কাছে ছুটি চেয়ে আবেদন করেন জাতীয় দলের বাঁহাতি অলরাউন্ডার। সাকিবের ছুটি কার্যকর করার জন্য ক্রিকেট পরিচালনা বিভাগের ওপর দায়িত্ব দেন বিসিবি সভাপতি। বিশেষ বিবেচনায় ছুটির অনুমোদন দেওয়া হয়েছে বলে বাংলানিউজকে মোবাইলফোনে জানান ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এনায়েত হোসেন। তিনি বলেন, ‘জিম্বাবুয়ের খেলাগুলো আনঅফিসিয়াল। এই বিষয়টি আমলে নিয়ে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে সে আয়ারল্যান্ড, হল্যান্ডে আন্তর্জাতিক ম্যাচগুলো খেলবে। ত্রিনিদাদ এন্ড টোবাগোতেও যাবে।’
টানা ক্রিকেট খেলে ক্লান্ত হয়ে পড়েছেন শীর্ষ অলরাউন্ডার। ২০১১ সালের বিশ্বকাপের আগে থেকে ক্রিকেটের মধ্যে আছেন তিনি। যদিও গত জুন থেকে জাতীয় দলের হয়ে মাত্র তিনটি আন্তর্জাতিক সিরিজ খেলেছেন, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ এবং এ বছর মার্চে এশিয়া কাপ। তবে আইপিএলের দুই মৌসুম, কাউন্টি ক্রিকেট, ঢাকা প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিত খেলেছেন।
কলকাতা নাইট রাইডার্সের এই ক্রিকেটার আইপিএলের শিরোপা জিতে দেশে ফেরার পর ব্যস্ত হয়ে পড়েন প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের খেলায়। শুক্রবার সাকিবের দল ভিক্টোরিয়া চ্যাম্পিয়নও হয়েছে। বছরটা দারুণ যাচ্ছে জাতীয় দলের এই ক্রিকেটারের। এশিয়া কাপের ফাইনালে খেলা, আইপিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো শিরোপা জিতেছেন।
জাতীয় দলের সাবেক অধিনায়ক ছুটি পেয়ে খুশি, ‘এই ছুটিটা আমার খুব দরকার ছিলো। ভালো হয়েছে বিসিবি আমাকে ছুটি দেওয়ায়। আমি খুশি। ছুটির দিনগুলোতে একেবারে ক্রিকেটে থাকতে চাই না। ঘুরে বেড়াবো, বিজ্ঞাপনের শ্যুটিং থাকলে সেগুলো সেরে ফেলবো। যাতে পরবর্তী সিরিজের আগে ফুরফুরে হয়ে যেতে পারি।’
এদিকে সাকিবের বাঁ-হাঁটুর চোট পরীক্ষা করে দেখার জন্য এমআরআই করা হয় বৃহস্পতিবার বিকেলে। শনিবার রিপোর্ট পাওয়ার আগেই ছুটি মঞ্জুর করে বিসিবি। এখন আর এমআরআই রিপোর্ট খুব একটা দরকার পড়বে না। বিশ্রামেই শরীরের জড়তা কেটে যেতে পারে।
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জুন ০৯, ২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর