জিম্বাবুয়ের মুখোমুখিতে বিশ্রামে গেইল-স্যামি

গায়ানা: জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুটিতে নিয়মিত অধিনায়ক ড্যারেন স্যামি ও ক্রিস গেইলকে বিশ্রাম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। সেন্ট জর্জে ২২ ও ২৪ ফেব্রুয়ারির ম্যাচে ক্যারিবীয় নেতৃত্বে থাকবেন ডোয়াইন ব্রাভো।

ডব্লিউআইসিবি’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গেইল স্বেচ্ছায় এ বিশ্রাম চেয়েছেন। গত দুবছর ধরে বিরতিহীনভাবে জাতীয় দলে খেলে যাওয়ায় ছুটি দেয়া হয়েছে স্যামিকে। সহ অধিনায়কের নাম এখনো ঘোষণা করেনি বোর্ড।

সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে খেলা উইকেটরক্ষক ডেভন থমাসকে জায়গা ছেড়ে দিতে হচ্ছে দিনেশ রামদিনের কাছে। গত জুলাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছিলেন রামদিন। তবে বিশ্ব টি-টোয়েন্টি ও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।
 
দলে অতিরিক্ত আরেকজন স্পিনারের প্রয়োজনবোধ করায় পেসার জ্যাসন হোল্ডারের স্থলাভিষিক্ত হলেন বীরাস্বামী পারমল।

দেড় বছর পর অস্ট্রেলিয়া সফরে প্রত্যাবর্তন ভালো হয়নি রামনরেশ সারওয়ানের। তিন ওয়ানডের দুটিতে রানের খাতাই খুলতে পারেননি অভিজ্ঞ ব্যাটসম্যান। তবুও জিম্বাবুয়ের বিপক্ষে তাঁর উপর আস্থা রাখছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। ইনজুরি থেকে সেরে না ওঠায় এখনো দলের বাইরে থাকতে হচ্ছে মারলন স্যামুয়েলসকে।

ওয়ানডে সিরিজ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি করে টি-টোয়েন্টি ও টেস্ট আয়োজন করবে ক্যারিবীয়রা।

দল: ডোয়াইন ব্রাভো (অধিনায়ক), টিনো বেস্ট, ড্যারেন ব্রাভো, জনসন চার্লস, নরসিং দিওনারিন, সুনিল নারিন, বীরাস্বামী পারমল, কাইরন পোলার্ড, কাইরন পাওয়েল, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), কেমার রোচ, আন্দ্রে রাসেল ও রমনরেশ সারওয়ান।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি ২০১৩
এফএইচএম