বিপিএল উপভোগ করছেন তামিম

ঢাকা: বিপিএলের প্রথম আসরটা এখন বিভিষীকাময় তামিম ইকবালের কাছে। একটুও উপভোগ করতে পারেননি। নানামুখী বিবাদে জড়িয়ে বলতে গেলে খেলাই হয়নি তাঁর। মাত্র দুটো ম্যাচ খেলে সেই যে একাদশের বাইরে গেছেন এরপর খেলার সুযোগ হয়নি। এবার তামিম খেলছেন দুরন্ত রাজশাহীতে। রানও পাচ্ছেন। আট ইনিংসে তিনটি হাফসেঞ্চুরিও আছে জাতীয় দলের এই ওপেনারের। সোমবার তামিমের ব্যাটেই জিতলো দুরন্ত রাজশাহী। ম্যাচসেরার পুরস্কার জিতে সংবাদ সম্মেলনে এসে তামিম জানালেন এবার বিপিএল উপভোগ করছেন। সবকিছু ঠিক থাকলে আরও উপভোগ্য হতে পারে টুর্নামেন্ট।   

প্রশ্ন: ইনিংসটা খেলে কেমন লাগছে?

উত্তর: দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনিংস ছিল এটা। কারণ এখন থেকে প্রায় প্রতিটি ম্যাচেই আমাদের জিততে হবে। আমি আর কভেন্ট্রি মিলে দলকে ভালো একটা ভিতের ওপর দাঁড় করিয়ে গিয়েছিলাম। এরপর অমি (জহুরুল ইসলাম) ভাই আর শন আরভিন মিলে ম্যাচটা শেষ করে এসেছেন। আজকের ম্যাচটায় আমাদের দারুণ দলীয় প্রচেষ্টা ছিল।

প্রশ্ন: কোন চাপ অনুভব করছেন?

উত্তর: চাপ তো অবশ্যই থাকবে। আপনি যখন কোন একটা দলে খেলবেন, আপনার প্রতি একটা প্রত্যাশা থাকেই। সেটা পূরণও করতে হয়। আন্তর্জাতিক ক্রিকেট বলেন আর বিপিএল, সবখানে চাপ নিয়েই খেলতে হয়।

প্রশ্ন: চট্টগ্রামে উপচে পড়া দর্শকের সামনে খেলেছেন, এখানে আবারও দর্শক শূন্য, খেলতে কেমন লাগে?

উত্তর: তারপরও আমার মনে হয় অবস্থা একটু ভালো। শুরুতে ঢাকায় দর্শক যেমন ছিল, এবার তার তুলনায় একটু বেশি মনে হচ্ছে। চট্টগ্রামে তো অসাধারণ। সবসময়ই বলি যদি ভক্তরা না আসে, তাহলে খেলেও মজা নেই। আর টুর্নামেন্টও সফল হবে না। আমি তাদের অনুরোধ করব মাঠে আসার জন্য।

প্রশ্ন: শুরুর চেয়ে এখন দলটাকে অনেক গোছালো মনে হচ্ছে?

উত্তর: আসলে ম্যাচ জিতলে সবকিছুই ঠিকঠাক মনে হয়। হারলে আবার তা মনে হয় না। আমরা সবসময়ই গোছানো দল ছিলাম। হয়তোবা সঠিক কম্বিনেশনটা হচ্ছিল না। তবে আমি মনে করি গত দুই ম্যাচ ধরে কম্বিনেশনটা মোটামুটি ঠিকই যাচ্ছে। এভাবে খেলে যেতে পারলে আমরা একটা ভালো অবস্থানে পৌঁছে যাব।

প্রশ্ন: পারফরম্যান্সের দিক থেকে গত বিপিএলের সঙ্গে এবারের কী তুলনা করবেন?

উত্তর: গত বিপিএল আমি একটা ফোটাও উপভোগ করিনি। যে কারণেই হোক না কেন আমি বিন্দুমাত্র উপভোগ করতে পারিনি। আমি হই বা অন্য যে কোন ক্রিকেটার, উপভোগ করতে না পারলে ভালোও খেলতে পারবে না বা তার কাছে কোন কিছু ভালোও লাগবে না। এবার অনেকগুলো ম্যাচ খেলেছি। চেষ্টা করছি উপভোগ করার। উপভোগ করলে পারফর্ম করাটা একটু সহজ হয়ে যায়। আর না করলে হয় না।

প্রশ্ন: আপনি আর জহুরুল অধিনায়ক থাকার সময় স্পিনারদের দিয়ে বোলিং ওপেন করতেন, কাপুগেদারা এসে দেখা যাচ্ছে পেসারদের দিয়ে করাচ্ছেন। কৌশলে কোন পরিবর্তন?

উত্তর: প্রথম তিন-চারটা ম্যাচ স্পিন দিয়ে শুরু করার পর আমরা অনেক বেশি প্রেডিক্টেবল হয়ে যাচ্ছিলাম। অন্য দলগুলো আমাদের সঙ্গে খেলতে নামার আগে থেকেই জানত যে আমরা কী করতে যাচ্ছি। আমার মনে হয় এখন অন্যভাবে করাটা হয়ত টিম ম্যানেজমেন্টের পরিকল্পনারই অংশ। প্রতিপক্ষের কাজ যতটা সম্ভব কঠিন করে দেওয়া।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৩
এসএ/এএইচবি