অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের মৃত্যু!

মেলবোর্ন: ভারতের বিপক্ষে হায়দরাবাদে মাইকেল ক্লার্ক বাহিনীর ইনিংস ও ১৩৫ রানে হারের পর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সমালোচনার ঝড় উঠেছে দেশটির সংবাদমাধ্যমগুলোতে। এ হারকে ‘অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের মৃত্যু’ হিসেবে অভিহিত করেছে সংবাদমাধ্যমগুলো।

হেরাল্ড সান পত্রিকা এক প্রতিবেদনে ব্যাটিং উইকেটে অস্ট্রেলিয়ান ব্যাটম্যানদের দেশীয় ভেজা সাও বিস্কুটের চেয়ে দুর্বল হিসেবে উল্লেখ করেছে।

বিংশ শতাব্দীর সেরা দল ছিল অস্ট্রেলিয়া, এমনকি বিশ্ব জুড়ে আধিপত্য করেছে তারা। কিন্তু মঙ্গলবারের হারটি অস্ট্রেলিয়ান টেস্ট ক্রিকেটের মৃত্যু নিশ্চিত করল। দলটি এমন নিষ্প্রাণ হয়েছে যে কমেডি সিনেমা ‘উইকেন্ড অ্যাট বার্নিস’-এর অভিনেতারাও প্রাণ ফেরাতে পারবেন না।

প্রতিবেদনে পত্রিকাটি আরো লিখেছে, গত সপ্তাহে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার হারের পেছনে ম্যাচ শেষে এর উইকেটকে অজুহাত দেয়া হয়েছিল, কিন্তু এখন প্রত্যেকেই সত্যটা জেনে গেল। পুরো দল একেবারে অসহায়, অধিনায়ক ক্লার্কের মতে আত্মসমর্পণ।

ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার এটি টানা পঞ্চম হার। আর ২০০০ সালের পর এটিই প্রথমবারের মতো ইনিংস কিংবা তার চেয়েও বড় ব্যবধানে হারল অসিরা।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ৫ মার্চ ২০১৩
এফএইচএম/সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর/এসএ