অবসরে যাচ্ছেন সামারাবিরা!

কলম্বো: বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে জায়গা না পাওয়ার ক্ষোভ থেকে অবসর নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন শ্রীলঙ্কার মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটসম্যান থিলান সামারাবিরা। মঙ্গলবার খবরটি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) এক সূত্র।

বোর্ডের কাছে এ সিদ্ধান্ত লিখিত দিয়েছেন, সন্ধ্যার পর জাতীয় নির্বাচক কমিটির সঙ্গে বসার কথা ডানহাতি এ লঙ্কান ব্যাটসম্যানের।

সামারাবিরার এক নিকট সূত্র জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে আসন্ন হোম সিরিজে ২০ সদস্যের দল থেকে বাদ পড়ায় হতাশ হয়েছিলেন ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান। পরবর্তীতে মাহেলা জয়াবর্ধনের স্থলাভিষিক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয় তাকে। কিন্তু প্রথম টেস্টের জন্য সোমবার ঘোষিত ১৬ সদস্যের দল থেকে আবারো বাদ দেয়া হয়।

এরই প্রতিক্রিয়ায় অবসরের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ৮১ টেস্ট খেলা ডানহাতি এ ব্যাটসম্যান। ১৪ সেঞ্চুরিসহ ৪৮.৭৬ গড়ে ৫৪৬২ রান এসেছে সামারাবিরার টেস্ট ক্যারিয়ারে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ৫ মার্চ ২০১৩
এফএইচএম