টি-টোয়েন্টি সিরিজ ওয়েস্ট ইন্ডিজের
ফ্লোরিডা: টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে ২-০ তে ধবলধোলাই করেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের শেষ ম্যাচে ক্রিস গেইলের অর্ধশতকে ক্যারিবীয়রা ৬১ রানে হারিয়েছে কিউইদের।
ওয়েস্ট ইন্ডিজ ইনিংস: ১৭৭/৫ (ওভার ২০)
নিউজিল্যান্ড ইনিংস: ১১৬ (ওভার ১৮.৪)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৬১ রানে
প্রথম ম্যাচে ক্রিস গেইল ও কিয়েরন পোলার্ডের ব্যাটিং তা-বে সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে খেলেননি পোলার্ড। তবে ব্যাট হাতে এই ম্যাচেও কিউইদের ওপর চড়াও হন গেইল। নাথান ম্যাককালামের বলে বোল্ড হওয়ার আগে অর্ধশতক করেন বাঁহাতি ক্রিকেটার। ৩৯ বল খেলে ৫৩ রান করেন মারকুটে ব্যাটসম্যান। তিনটি চার ও চারটি ছয়ের মার ছিলো তার ইনিংসে।
গেইলের বিদায়ের পর জনসন চালর্সের ৩৬ ও ডোয়াইন ব্রাভোর অপরাজিত ৩৫ রানের কল্যাণে পাঁচ উইকেটে ১৭৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। দুটি উইকেট নেন নাথান ম্যাককালাম।
জবাবে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ড। সুনীল নারিনের স্পিন ঘূর্ণিতে নাকাল হয়েছে তারা। গুটিয়ে যাওয়ার আগে ১৮.৪ ওভারে ১১৬ রান করতে সমর্থ হয় ব্ল্যাক ক্যাপরা। ১২ রান খরচায় চারটি উইকেট নেন ম্যাচ সেরা নারিন। দুটি করে উইকেট নেন ডোয়াইন ব্রাভো ও মারলন স্যামুয়েলস। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন ড্যানিয়েল ফ্লাইন।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, জুলাই ০২, ২০১২
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর