ক্লার্কের চতুর্থ অ্যালান বোর্ডার পদক
মেলবোর্ন: অস্ট্রেলিয়ান টেস্ট ইতিহাসে দুর্দান্ত ব্যাটিংয়ের স্বীকৃতি হিসেবে ২০১৩ সালের অ্যালান বোর্ডার পদক জিতে নিলেন মাইকেল ক্লার্ক। চতুর্থবারের মতো এ পদক জিতে রিকি পন্টিংয়ের পাশে নিজের নাম লিখালেন অসি অধিনায়ক। ১৯৮ ভোটে সেরা হওয়া ক্লার্কের পরে যৌথভাবে দ্বিতীয় স্থানে শেন ওয়াটসন ও সদ্য অবসর নেয়া মাইক হাসি।
গত বছরের ২৫ ফেব্রুয়ারি থেকে এ বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত পারফরমেন্সের ভিত্তিতে ভোটের মাধ্যমে এ পদক দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ক্লার্ক ৯ ম্যাচে ৭৭.১ গড়ে ১০৮০ রান করেছেন। এক বর্ষপঞ্জিকায় ১৫৯৫ রানের জাতীয় রেকর্ডও গড়েছেন অসি ব্যাটিং তারকা।
পদক প্রাপ্তির প্রতিক্রিয়ায় ক্লার্ক বলেন,‘এমন সফলতা পেতে ‘অনেক সৌভাগ্য ও কঠোর পরিশ্রম’ করতে হয়েছে।’ ২০০৫ সালে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তিনি। আর এমন ঘটনাই জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন স্বীকার করলেন শীর্ষ ব্যাটসম্যান,‘টেস্ট দল থেকে বাদ পড়ার সময়টা ছিল খুব কঠিন। সম্ভবত ওই সময়ই আমি উপলব্ধি করেছিলাম আমাকে দলে থাকতে হলে আরো কঠোর পরিশ্রম করতে হবে।’
এর আগে ২০০৫, ২০০৯ ও ২০১২ সালে অ্যালান বোর্ডার পদক জিতেছিলেন ক্লার্ক। ২০০৯ সালে তার সঙ্গে যৌথভাবে স্বীকৃতি পেয়েছিলেন রিকি পন্টিংও।
টেস্টে সেরার স্বীকৃতি পেলেও ওয়ানডেতে ২২ ভোটে ছয় নম্বরে অসি তারকা ব্যাটসম্যান।
ওয়ানডেতে বর্ষসেরা হয়েছেন ক্লিন্ট ম্যাককে। জর্জ বেইলি ও ডেভিড ওয়ার্নারকে টপকে তিনি এ পদক জিতেন। টি-টোয়েন্টির বর্ষসেরা হয়েছেন শেন ওয়াটসন।
ভোট দেয়ার সময়কালে ২৬ উইকেট শিকার করেছেন ম্যাককে। এছাড়া কমনওয়েলথ ব্যাংক সিরিজের শিরোপা নির্ধারণী তৃতীয় ফাইনালে ম্যাচসেরাও হয়েছিলেন এ পেসার। জুন-জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে হতাশাজনক সিরিজে ম্যাককের পারফরমেন্সই ছিল সেরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে ৪৯.৮ গড়ে সর্বোচ্চ ২৪৯ রান ও বল হাতে ১৬ রানে ১১ উইকেট নিয়ে দলকে সেমিফাইনালে নেন ওয়াটসন। স্বীকৃতি হিসেবে টানা দ্বিতীয় অ্যালান বোর্ডার পদক জিতলেন অসি অলরাউন্ডার।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ৪ ফেব্রুয়ারি ২০১৩
এফএইচএম