কখনোই স্বাধীনভাবে কাজ করতে পারিনি : আকরাম খান

ঢাকা : জাতীয় দলের প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন আকরাম খান। এশিয়া কাপের দল নির্বাচনে বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামাল হস্তক্ষেপ করায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিসিবির ভারপ্রাপ্ত ম্যানেজার সাব্বির খানের কাছে সকাল সাড়ে ১১টায় পদত্যাগপত্র জমা দেন আকরাম খান।

এর আগে সকালে বাংলানিউজকে তিনি বলেন,`প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়ার পর থেকে স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না। মন লাগিয়ে কাজ করার সুযোগও তৈরি হয়নি। আর সে কারণেই চলে যাচ্ছি।`

নির্বাচকরা এশিয়া কাপের জন্য ১৫ জনের দল গড়ে ক্রিকেট পরিচালনা বিভাগের কাছে দেন। ক্রিকেট পরিচালনা বিভাগ তা অনুমোদনের জন্য বোর্ড সভাপতির কাছে পাঠিয়ে দেয়। সভাপতি মোস্তফা কামাল তামিমকে অতিরিক্ত তালিকায় রেখে ১৪ সদস্যের দল অনুমোদন করেন। সোমবার রাতে দল ঘোষণার পরই প্রতিক্রিয়া প্রধান নির্বাচক বলেছিলেন,‌`ওই দলটা আমাদের না। বিসিবি সভাপতি মোস্তফা কামালের।`

যদিও তামিমকে দলে নিতে আপত্তি নেই বোর্ড সভাপতির। তামিমের জায়গায় অন্য কাউকে দলে নিতেও বলেননি তিনি। মাঠে তামিম ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে অন্তর্ভুক্ত করে নেওয়া হবে।

জাতীয় দল নির্বাচনে বরাবরই বিসিবি সভাপতির হস্তক্ষেপের বিষয়টি আলোচনায় ছিলো। অভিযোগটা নির্বাচকদের পক্ষ থেকেই। সর্বশেষ তামিমের ঘটনাটি মেনে নিতে পারেননি আকরাম খান। কারণ, জাতীয় দলের ফিজিও বিভাব সিং এবং বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীর কাছ থেকে ফিটনেস সনদ পাওয়ার পরই তামিমকে এশিয়া কাপের স্কোয়াডে নিয়েছিলেন নির্বাচকরা।

এদিকে অন্য দু’ নির্বাচক কাজে মন দেওয়ার চেষ্টা করছেন। তারা আসনটা ছাড়ছেন না। মিনহাজুল আবেদীন নান্নুর কথা হলো,‌`আমরা রাত ১০টা পর্যন্ত আকরাম খানের এই সিদ্ধান্ত সম্পর্কে অবগত ছিলাম না। আমি আকরামকে বলেছিলাম বিসিব সভাপতি দেশে ফিরলে তার সঙ্গে আলোচনার পর সব সিদ্ধান্ত নেওয়া যাবে।`

হাবিবুল বাশারকে প্রশ্ন করা হয়েছিলো তিনিও আকরাম খানের পথে হাঁটবেন কি না? কৌশলী উত্তর দিয়েছেন তিনি,‌`আমরা তিনজনে বসে সিদ্ধান্ত নিয়েছিলাম ভবিষ্যতে যদি এমন হয় তা হলে সবাই একসঙ্গে পদত্যাগ করবো। কিন্তু আকরাম ভাই যখন পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তখন ভেবে দেখার বিষয়।`

আকরাম খানের মতো হাবিবুল বাশার শেষপর্যন্ত অতটা সাহসী হয়ে উঠতে পারেনিন। পদত্যাগ তিনি করছেন না। বুধবার বিকেল বিষয়টি পরিষ্কারও করেছেন,‌`আমি আপাতত পদত্যাগের কথা ভাবিছ না।` 

বাংলাদেশ সময় : ১১৪৯ ঘণ্টা, মার্চ ৭, ২০১২