টি-টোয়েন্টি দিয়ে এপ্রিলে জিম্বাবুয়ে সফর বাংলাদেশের

ঢাকা: বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য আগামী ৯ এপ্রিল জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ।

মঙ্গলবার জিম্বাবুয়ে ক্রিকেট ইউনিয়ন থেকে সূচি প্রকাশ করা হয়। এবারও টেস্ট খেলা হবে হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ড মাঠে। ২০১১ সালের জুনে এই মাঠেই একমাত্র টেস্টে জিম্বাবুয়ের কাছে হেরেছিল বাংলাদেশ। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজও  হারে ৩-২ ব্যবধানে। এই পরাজয়ের পেছনেও হারারে স্পোর্টস ক্লাবের ভূমিকা রয়েছে। কারণ এখানেই প্রথম তিন ম্যাচ হেরেছিল বাংলাদেশ দল।

আগেরবার টেস্ট দিয়ে শুরু করলেও এবার টি-টোয়েন্টি ম্যাচ হবে প্রথমে। বুলাউয়ে কুইন্স পার্ক স্টেডিয়ামে ১৩ ও ১৪ এপ্রিল হবে ২০ ওভারের ম্যাচ। একই ভেন্যুতে ১৭, ১৯ ও ২১ এপ্রিল হবে ৫০ ওভারের ম্যাচ। সেখান থেকে দল পাড়ি জমাবে হারারেতে। ৩০ এপ্রিল থেকে ৪ মে হবে প্রথম টেস্ট। হারারে স্পোর্টস ক্লাব মাঠেই দ্বিতীয় টেস্ট হবে ৮ থেকে ১২ মে।

বাংলাদেশ দল শ্রীলঙ্কা থেকে ফিরেই চলে যাবে জিম্বাবুয়েতে। খেলার ভেতরে থাকায় জিম্বাবুয়ে সফরটা ইতিবাচক হবে মুশফিকুর রহিমদের জন্য।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৩
এসএ/এএইচবি