অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা
মেলবোর্ন: ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২ রানে জিতে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা। মেলবোর্নে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৫ ওভারে ১২২ রানের টার্গেট পায় স্বাগতিকরা। জবাবে তিন উইকেটে অসিদের ১১৯ রানে বেধে দেয় লঙ্কানরা। এর আগে মাহেলা জয়াবর্ধনে ও থিসার পেরেরার দারুণ ইনিংসের সুবাদে চার উইকেটে ১৬১ রান করে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা: ১৬১/৪ (২০ ওভার)
অস্ট্রেলিয়া: ১১৯/৩ (১৫ ওভার)
ফল: শ্রীলঙ্কা ২ রানে জয়ী।
দলীয় ২০ রানের মধ্যে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চকে সাজঘরে ফেরান নুয়ান কুলাসেকারা ও জীবন মেন্ডিস। দুজনেই ৭ রান করে করেন। এরপর শন মার্শ ও জর্জ বেইলি ব্যাট হাতে দলকে জয়ের পথে রাখলেও বৃষ্টি বাধা দেয়।
১০ ওভার শেষে আম্পায়াররা ডাকওয়ার্থ লুইস অনুযায়ী লক্ষ্য ঠিক করে দেন। সমতা ফেরাতে শেষ পর্যন্ত ২৪ বলে ৫০ রান প্রয়োজন ছিল অসিদের। মার্শ ও অধিনায়ক বেইলি তবুও হাল ছাড়েননি। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৮ রান, কিন্তু দ্বিতীয় বলে থিসারা পেরেরার বলে ৪৫ রানে কুশল পেরেরার তালুবন্দি হন বেইলি।
গ্লেইন ম্যাক্সওয়েল চতুর্থ ও পঞ্চম বলে টানা দুটি চার হাঁকিয়ে ম্যাচে শ্বাসরুদ্ধকর উত্তেজনা ছড়ান। শেষ বলে তিন রান প্রয়োজন হলেও একটি মাত্র রান নিতে সক্ষম হন ম্যাক্সওয়েল।
ম্যাচসেরা হয়েছেন লঙ্কান থিসারা পেরেরা।
এর আগে মেলবোর্নে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। ৩৯ রানের মধ্যে গ্লেইন ম্যাক্সওয়েল, বেন লাফিন ও জেমস ফকনার একটি করে উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে বিপদে ফেলে।
এরপরই মাহেলা জয়াবর্ধনে ও জীবন মেন্ডিসের ব্যাটে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। মেন্ডিসকে (২৫) সাজঘরে ফিরিয়ে ৬৩ রানের এ জুটি ভাঙেন জাভিয়ের দোহার্টি। জয়াবর্ধনে ৪২ বলে তিন চার ও দুই চয়ে অষ্টম টি-টোয়েন্টি অর্ধশতক করেন। ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি, ৫টি চার ও দুটি ছয় এসেছে তার ব্যাটে।
জয়াবর্ধনেকে সহায়তা করেছে পেরেরার ৩৫ রানের অপরাজিত ইনিংস।
ম্যাক্সওয়েল, ফকনার, লাফিন ও দোহার্টি একটি করে উইকেট নেন।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ২৮ জানুয়ারি ২০১৩
এফএইচএম