বৃষ্টির আর্শিবাদে স্বস্তিতে নিউজিল্যান্ড

ঢাকা: ক্রিকেট মাঠে বৃষ্টি কখনো আর্শিবাদ, এই যেমন ওয়েলিংটনে নিউজিল্যান্ডকে স্বস্তি দিয়েছে একপশলা বৃষ্টি। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিন ফলোঅন করতে নামা নিউজিল্যান্ডের সংগ্রহে চতুর্থদিন শেষে দুই উইকেটে যে ১৬২ রান, তা ওই বৃষ্টির জন্যই। ইংলিশদের প্রথম ইনিংসের চেয়ে ৪৯ রানে পিছিয়ে থাকা স্বাগতিক শিবির আট উইকেটে শেষদিনটা পার করলেই খেলা ড্র।

ইংল্যান্ড: প্রথম ইনিংস- ৪৬৫
নিউজিল্যান্ড: প্রথম ইনিংস- ২৫৪, দ্বিতীয় ইনিংস- ১৬২/২

ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪৬৫ রান করলে জবাব দিতে নেমে ২৫৪ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ১২ রানের জন্য ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংস খেলতে নামে স্বাগতিক দল। শনিবার তৃতীয় দিন শেষ করে এক উইকেটে ৭৭ রান নিয়ে।

দুই অপরাজিত ব্যাটসম্যান পিটার ফুলটন ও কেন উইলিয়ামসন রোববার খেলতে নেমে ইনিংসটাকে বেশিদূর টানতে পারেননি। দলের স্কোরে চার রান যোগ হতে দ্বিতীয় উইকেটের পতন হয়। সেখান থেকে উইলিয়ামসন ও জোনাথন ট্রট দিনের খেলা শেষ করেন অবিচ্ছিন্ন থেকে। লাঞ্চ পর্যন্ত ছিল দুই উইকেটে ১৫৩ রান। এরপর বৃষ্টি এলে দ্বিতীয় সেশন খেলা হয়নি। বৃষ্টির উৎপাত থাকায় শেষ সেশনে আরও ৯ রান যোগ হতেই দিনের খেলা স্থগিত করা হয়।

উইলিয়ামসন ৫৫ ও ট্রট ৪১ রানে অপরাজিত রয়েছেন। সোমবার পঞ্চম ও শেষদিন ব্যাট করবে এই অবিচ্ছিন্ন জুটি।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৩
এসএ/এএইচবি