কিউইদের নতুন কোচ মাইক হেসন
ওয়েলিংটন: নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মাইক হেসন। ২০১৫ সালের বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে কিউই ক্রিকেট বোর্ড।
এর আগে ৩৭ বছর বয়সী হেসন ছয় বছর কোচের দায়িত্বে ছিলেন ওটাগোর। এছাড়া গত বছর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন কেনিয়া ক্রিকেট দলের। কিন্তু ১০ মাস দায়িত্বে থাকার পর সেখানে নিজের পরিবার ও জীবন যাত্রার মান নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ায় কোচের পদ থেকে পদত্যাগ করেন তিনি।
বেশ কয়েকজন প্রার্থীকে টপকে রস টেলরদের কোচ হয়েছেন হেসন। এজন্য তাকে লড়াই করতে হয়েছে নিউ সাউথ ওয়েলসের সাবেক কোচ ম্যাথু মোট এবং নিউজিল্যান্ড ও দিল্লি ডেয়ারডেভিলসের সহযোগী কোচ ট্রেন্ট উডহিলের সঙ্গে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজে কোচের দায়িত্ব পালন করবেন বর্তমান কোচ জন রাইট। সফর শেষে তার কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন হেসন। মূলত আসন্ন ভারত সফর দিয়ে কিউইদের কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি। আগামী আগস্টে ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাবে নিউজিল্যান্ড।
চার বছরের কম সময়ের মধ্যে দেশটির পঞ্চম কোচ হিসেবে দায়িত্ব নিলেন হেসন। ২০০৮ সালে জন ব্রেসওয়েলের বিদায়ের পর তার উত্তরসূরি হন অ্যান্ডি মোলেস। এক বছর দায়িত্ব পালনের পর সরে দাঁড়ান মোলেস। আর জন রাইট দায়িত্ব নেওয়ার আগে ২০১০ সালে কিউইদের কোচ ছিলেন মার্ক গ্রেটব্যাচ। তবে ১৬ মাস কোচের দায়িত্ব পালন করার পর রাইট সিদ্ধান্ত নিয়েছেন এ বছর ক্যারিবীয় সফর শেষে চুক্তি নবায়ন করবেন না তিনি। তাই নতুন কোচ হিসেবে হেসনকে বেছে নিয়েছে কিউই বোর্ড।
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, জুলাই ২০, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস