বোলারদের হাহুতাশ, দারুণ শতক হাফিজের

কলম্বো: সারাদিন বোলিং করেও পাকিস্তানের ব্যাটিং লাইনে চিড় ধরাতে পারেনি শ্রীলঙ্কান বোলাররা। ছয়জন বোলার টানা ৯০ ওভার বল করে মাত্র একটি উইকেট নিতে পেরেছেন। বোলারদের ফ্লপ একটি দিন উপহার দিয়েছেন মোহাম্মদ হাফিজরা। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে অপরাজিত শতক করেছেন মোহাম্মদ হাফিজ। তার চোখধাঁধানো শতকে প্রথম দিন শেষে এক উইকেটে পাকিস্তানের সংগ্রহ ৩৩৪ রান।

প্রথম টেস্টে হারের পেছনে বড় কারণে হিসেবে অধিনায়ক মিসবাহ দায়ী করেন ব্যাটিং বিপর্যয় ও বাজে ফিল্ডিংকে। দ্বিতীয় টেস্টে এখন পর্যন্ত ফিল্ডিংয়ের সুযোগ পায়নি তারা। তবে ব্যাটিংয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মিসবাহ উল হকের দল। সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের তুলোধুনো করেছে সফরকারী ব্যাটসম্যানরা।

উদ্বোধনী জুটিতে দারুণ সূচনা করেন মোহাম্মদ হাফিজ ও তৌফিক ওমর। ২১.৩ ওভারে ব্যক্তিগত ৬৫ রানে অ্যাঞ্জেলো ম্যাথুসের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তৌফিক। এরপর সারা দিনেও কোনো উইকেট শিকার করতে পারেনি স্বাগতিক দল।

দ্বিতীয় উইকেট জুটিতে ২৫৬ রানে অবিচ্ছিন্ন থেকে দিনের খেলা শেষ করেন হাফিজ ও আজহার আলী। হাফিজ অপরাজিত আছেন ১৭২ রানে। অপরপ্রান্তে ৯২ রানে ব্যাট করছেন আজহার। তিন টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুন ৩০, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস