নারী ক্রিকেটারদের ক্যাম্প সোমবার থেকে

ঢাকা: পুরুষ দলের ভারত সফরের স্বপ্ন পূরণ হয়নি গত একযুগে। সেখানে নারী ক্রিকেটারদের সৌভাগ্যই বলতে হয়। ওয়ানডে দলের স্বীকৃতি পাওয়ার দেড় বছরের মধ্যে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে ভারত যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র মহিলা শাখার নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস রোববার বাংলানিউজকে জানান, আগামী ৩১ মার্চ ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে নারী দল। সেখানে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতের নারী ক্রিকেট দলের বিপক্ষে। টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে আহমেদাবাদে আর টি-টোয়েন্টি ম্যাচ হবে বরদা ক্রিকেট ভেন্যুতে। বাংলাদেশ নারী ক্রিকেট দল এর আগে ভারতে গেলেও খেলেছে প্রাদেশিক দলের বিপক্ষে। দেশটির জাতীয় দলের বিপক্ষে খেলা এটাই প্রথম।

বাংলাদেশ দল দেশে তুলনামুলক বেশি ক্রিকেট খেলে। শ্রীলঙ্কা, পাকিস্তান, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের নারী দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা হয়েছে দেশে। দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলও খেলেছে বাংলাদেশ দলের সঙ্গে। কিন্তু প্রতিবেশি ভারতের সঙ্গে এখন পর্যন্ত কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ।

ভারত সফরের জন্য সোমবার থেকে প্রশিক্ষণ কর্মশালা আহ্বান করেছে বিসিবি। জাতীয় লিগ এবং আগের আন্তর্জাতিক ম্যাচের পারফরমেন্স মূল্যায়ন করে ২৪ জন ক্রিকেটার নিয়ে প্রাথমিক দল গড়া হয়েছে। মিরপুর জাতীয় ক্রীড়াপল্লীতে আবাসিক ক্যাম্প হবে নারী দলের। প্রশিক্ষণ করাবেন শ্রীলঙ্কান কোচ বিরাসিংহে এবং ভারতের মমতা মাবেন। কোচিং স্টাফের বাকি সদস্যরা হলেন দেশের।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৩
এসএ/এএইচবি