ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফেরার সুযোগ ভারতের

কলম্বো: পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে এ মুহূর্তে শ্রীলঙ্কায় আছে ভারতীয় ক্রিকেট দল। লঙ্কানদের বিপক্ষে সাফল্য পেলে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গার দখল পাবেন মহেন্দ্র সিং ধোনিরা। আইসিসির র‌্যাঙ্কিং তালিকায় বিশ্বচ্যাম্পিয়নদের বতর্মান অবস্থান চতুর্থ।

সর্বশেষ ২০০৯ সালে অল্প সময়ের জন্য ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলো ভারত। এই সফরে সিরিজ জিতলে অস্ট্রেলিয়াকে টপকে ফের র‌্যাঙ্কিংয়ের এক নম্বরস্থানের দখল পাবে তারা।

শনিবার হাম্বানটোটায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এর মধ্যদিয়ে আবার মুখোমুখি হবে ২০১১ সালের বিশ্বকাপের ফাইনালে খেলা দল দুটি। গত বছর এপ্রিলে মুম্বাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে ২৮ বছর পর দ্বিতীয় বারের মতো শিরোপা জেতে ভারত।

দাপটের সঙ্গে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ থাকলেও সম্প্রতি ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে হেরে যাওয়ায় বেকাদায় রয়েছে মাইকেল ক্লার্কের দল। ১১৯ পয়েন্ট নিয়ে সবার আগে অস্ট্রেলিয়া। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। আর ১১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারত।

শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার সিরিজের পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের বার্ষিক তালিকা প্রকাশ করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে ২০১০ সালের আগস্টের আগে ওয়ানডে খেলার ফলাফল অন্তর্ভুক্ত হবে না।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস